
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষা আর বুকফাটা আর্তির অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছে কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের পাঁচ প্রবাসীর নিথর দেহ। মঙ্গলবার (৩০ জুন) সকালে কফিনবন্দী মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কানাইঘাটে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারি আর বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার বাতাস। পরে বিকেলে স্থানীয় একটি মাদ্রাসা মাঠে একসঙ্গে জানাজার নামাজ শেষে নিজ নিজ গ্রামের কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২২৬) একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান উপস্থিত থেকে মরদেহগুলো আনুষ্ঠানিকভাবে শোকসন্তপ্ত স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে পাঁচটি অ্যাম্বুলেন্সে করে নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। নিহত পাঁচ প্রবাসীর বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। তাঁরা হলেন— ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মোস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ (কাদির)। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন জানান, নিহত প্রবাসীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে দাফন ও জরুরি খরচের জন্য প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে আরও ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো গ্রামে পৌঁছানোর সাথে সাথেই কানাইঘাটে এক অভূতপূর্ব শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয়জনকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা-বাবা, স্ত্রী ও সন্তানেরা। মঙ্গলবার বিকেল ২টার দিকে স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে একসঙ্গে এই পাঁচ প্রবাসীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নিহতদের শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ মাঠে সমবেত হন। জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করা হয়। একসঙ্গে পাঁচ রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যুতে পুরো কানাইঘাট উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
উল্লেখ্য, গত ২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে পাঁচ বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিকসহ মোট ছয়জনকে বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা ছয় আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। কাতার সরকারের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে ঘটনার ৯ দিন পর আজ পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হলো।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.