
স্টাফ রির্পোটার: প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। সফরের অংশ হিসেবে যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সেখানে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। শুধু জনসভাস্থলেই নয়, পুরো যশোর শহরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও তৎপরতা। এছাড়াও আগে থেকেই শহরের সব সিসি ক্যামেরা সচল রাখা, অবৈধ যানবাহন ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান জোরদার করা এবং সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নজরদারি বৃদ্ধি করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আগমনে তিন স্তরের নিরাপত্তা বলয়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্যের পাশাপাশি র্যাবের ৬টি টিম দায়িত্ব পালন করবে। নিরাপত্তা জোরদারে ৭১টি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা সক্রিয় রাখা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে যানজট এড়াতে সড়কের ওপর যানবাহন দাঁড় করানো নিষিদ্ধ করা হয়েছে। অনুষ্ঠানের সময় বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর প্রস্তুত রাখা হবে।জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে বিমানে যশোর পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি শার্শার উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন। সেখানে পথসভা শেষে যশোর সার্কিট হাউসে বিরতি নেবেন। এরপর যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন। বিকেলে শহরের ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরে ঢাকার উদ্দেশে রওনা হবেন। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং আধুনিক চেকিং ব্যবস্থা চালু থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনাতেও থাকবে জিরো টলারেন্স র্যাবের উপসহকারী পরিচালক আহসান হাবীব জানান, ৬টি টিমের মধ্যে ২টি বহরের সঙ্গে, ২টি টহলে এবং ২টি স্ট্যান্ডবাই থাকবে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় বিমানবন্দর ও বহরের সঙ্গে ফায়ার সার্ভিসের বিশেষ টিম থাকবে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান বলেন, বিমানবন্দরে রোডের যেসব অংশ খারাপ ছিল, স্পিড ব্রেকার ছিল, সেটা সংস্কার করা হয়েছে। উলাশী যাওয়ার রাস্তার ১৪ কিলোমিটার সংস্কার কাজ শেষ হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, আরবপুর থেকে উলাশী পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়েছে। সফর সফল করতে জেলা প্রশাসনের আওতাধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে শহরের ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভাস্থল পরিদর্শন করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে।
Leave a Reply