অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিময় রাখা পুলিশের পবিত্র দায়িত্ব :এসএমপি পুলিশ কমিশনার মাসজুড়ে এসএমপি’র ক্র্যাকডাউন: ২৩২২ জন গ্রেফতার, বিপুল মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
আপটেড সময় :
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
১৭১
বার পঠিত
সিলেট প্রতিনিধি:
সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে জুন-২০২৬ মাসজুড়ে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত পৃথক অভিযানে মাসটিতে সর্বমোট ২,৩২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য।মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে সমাজের বিভিন্ন স্তরের অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। মাসব্যাপী অভিযানে ৭৪৪ জন মাদকসেবী ও মাদক কারবারি, ১৭৬ জন জুয়াড়ি, ২০ জন ছিনতাইকারী, ৩৬ জন চোর-ডাকাত, ২৬ জন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, ১৮৮ জন হকার, ১৮৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭২৫ জন মেট্রো অধ্যাদেশ ও সন্দেহভাজন ব্যক্তি এবং অন্যান্য আইনে আরও ২১৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৮৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অবশিষ্টদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মাদক ও চোরাচালান বিরোধী অভিযানেও বড় সাফল্য পেয়েছে এসএমপি। মাসজুড়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০,৬৭৪ পিস ইয়াবা, ৬ বোতল বিদেশি মদ, ৭৯২ লিটার চোলাই মদ এবং ২৮ কেজি ২৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি সীমান্ত অঞ্চল থেকে চোরাচালানের মাধ্যমে আসা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করেছে পুলিশ। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৭,৬১০ কেজি ভারতীয় জিরা, ১৭,০৮৯ পিস ভারতীয় চকলেট, ২৬,৬৭৫ পিস ভারতীয় প্রসাধনী বা কসমেটিকস, ৩,৫১৫ কেজি অবৈধ চা-পাতা, ৯,৮৭,০০০ পিস শেখ নাসির উদ্দিন বিড়ি, ১৬২ পিস ভারতীয় কম্বল এবং ১০০ পিস ভারতীয় শাড়ি।অপরাধ দমনের পাশাপাশি মহানগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে জুন মাসে কঠোর তৎপরতা চালিয়েছে এসএমপি’র ট্রাফিক বিভাগ। মাসটিতে মোট ৪,৩৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২,০০৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধতা না থাকায় ২,৩৫৩টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এই বিশেষ অভিযান প্রসঙ্গে এসএমপি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেন, সিলেট মহানগরীকে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিময় রাখা পুলিশের পবিত্র দায়িত্ব। জুন মাসজুড়ে পুলিশ ও ডিবি টিম দিন-রাত কঠোর পরিশ্রম করে এই চিরুনি অভিযান পরিচালনা করেছে। মাদক, জুয়া, ছিনতাই এবং চোরাচালানের মতো অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান সব সময়ই ‘জিরো টলারেন্স’। চোরাচালানের মাধ্যমে দেশের রাজস্ব ফাঁকি দিয়ে যারা অবৈধ ভারতীয় পণ্য নিয়ে আসছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর। সিলেট মেট্রোপলিটন পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট জানান। একই সাথে নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সচেতন নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে এসএমপি প্রশাসন।
Leave a Reply